সিলেট

গোয়াইনঘাট সীমান্তে মানব পাচারের অভিযোগে বাবলা লিটনসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০৫

গোয়াইনঘাট সীমান্তে মানব পাচারের অভিযোগে বাবলা লিটনসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ছবি সংগৃহীত :

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে মানব পাচারের চেষ্টার অভিযোগে জাফলং সীমান্তের কথিত মানব পাচারকারী শাহেদ আহমদ লিটন ওরফে বাবলা লিটনকে প্রধান আসামি করে মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মামলায় অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করা হয়েছে।

বিজিবি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের নলজুড়ী এলাকার খাসিয়া হাওড় সীমান্তে মেইন পিলার ১২৭৮/৪-এস-এর মাঝামাঝি ভারতীয় অংশে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ওই রাতে বাবলা লিটনের নেতৃত্বে ১০-১৫ জন নারীকে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাধা দিলে বাবলা লিটনসহ তার সহযোগীরা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করেন। এতে কয়েকজন বিএসএফ সদস্য আহত হলে আত্মরক্ষার্থে বিএসএফ চার রাউন্ড গুলি ছোড়ে। এতে বাবলা লিটন গুরুতর আহত হন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, বাবলা লিটন আহত হওয়ার পর তার সঙ্গে থাকা ব্যক্তিরা আবারও বিএসএফ সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা বিজিবি সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেন এবং তাদের ওপরও পাথর নিক্ষেপ করেন। এতে কয়েকজন বিজিবি সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় তামাবিল সীমান্ত ফাঁড়ির বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে বাবলা লিটনকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করেন।

মামলার বাদী বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, তামাবিল খাসিয়াহাওড় সীমান্ত দিয়ে একটি চক্র নিয়মিতভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে লোকজনকে ভারতে পাচার করে আসছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। ঘটনার রাতেও মানব পাচারের চেষ্টা করা হলে বিএসএফ বাধা দেয় এবং এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ঘটনায় বাবলা লিটন গুরুতর আহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। আহত অবস্থায় তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ওমর ফারুক  বলেন, মানব পাচারের চেষ্টা ও বিএসএফ সদস্যদের ওপর হামলার অভিযোগে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি বাবলা লিটন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন