প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৩
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বাংলাদেশের জ্বালানি ও হাইড্রোকার্বন খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ এবং পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘এনার্জি ডায়ালগ ২০২৬: বাংলাদেশ এনার্জি সিনারিও- চ্যালেঞ্জেস, অপরচুনিটিজ অ্যান্ড ফিউচার পার্সপেক্টিভস’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়।
একইদিন পোস্টার উপস্থাপন প্রতিযোগিতায় বিভাগের শিক্ষার্থীরা পেট্রোলিয়াম, মাইনিং, ভূতত্ত্ব, জ্বালানি ও সংশ্লিষ্ট প্রযুক্তি বিষয়ে তাঁদের গবেষণা, উদ্ভাবনী ধারণা ও একাডেমিক কাজ তুলে ধরেন।
এদিকে টেকনিক্যাল সেশনে বাংলাদেশের হাইড্রোকার্বন ক্ষেত্রগুলোর ভূতাত্ত্বিক ও রিজার্ভার বৈশিষ্ট্য, স্তরবিন্যাস, কাঠামোগত বিবর্তন ও ট্র্যাপিং মেকানিজম নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া সিসমিক থেকে ওয়েল পর্যন্ত হাইড্রোকার্বন অনুসন্ধান ও ড্রিলিংয়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং ম্যাচিওর গ্যাস ফিল্ড থেকে অফশোর ফ্রন্টিয়ার পর্যন্ত আপস্ট্রিম প্রোডাকশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
আলোচনায় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের কার্যক্রম ও অভিজ্ঞতার বিভিন্ন দিক উঠে আসে।
প্রতিটি টেকনিক্যাল সেশনের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। পাশাপাশি শিক্ষার্থীরা বাস্তব শিল্পসমস্যা সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি গবেষণাভিত্তিক চিন্তাভাবনা বিকাশের সুযোগ পান।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
শিক্ষা থেকে আরো পড়ুন