প্রতিকী ছবি
সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন কুচাই এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে কুচাই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সোমবার বিকেলে কুচাই এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এদিকে, মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনাটি তদন্তে ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, কুচাই এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সিলেট থেকে আরো পড়ুন