সিলেটে হাম পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একদিনের ব্যবধানে হাসপাতালে বেড়েছে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৯৯ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৪ জন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগে মারা গেছেন আরও দুইজন।
গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬১ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১১ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে ১৬৪ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগে মারা যাওয়া দুজনের একজন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন হবিগঞ্জের এক বছর দুই মাস বয়সী শিশু। শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলা আক্রান্ত রয়েছেন।
মৃত্যুর সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে সিলেটে ৫৭ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৮ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে সিলেট বিভাগে এ পর্যন্ত ১৫৪ জনের মৃত্যু হয়েছে।
প্রতিদিন বিপুলসংখ্যক সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসাসেবা দিতে হাসপাতালগুলোর ওপরও বাড়ছে চাপ। একদিকে রোগীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপের পাশাপাশি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।
সিলেট থেকে আরো পড়ুন