সিলেটের গোলাপগঞ্জে ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রনকেলী উত্তর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—রনকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমান আতাইয়ের ছেলে আয়লাফ আহমদ (৫০) এবং বারকোট গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে মঈন উদ্দিন (৫৫)।
পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল এবং গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই মো. রোজেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে তাদের কাছ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী জানান আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন