ছবি: সংগৃহীত
সৌদি আরবের তায়েফ শহরে কামরুল জামান নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টার দিকে তায়েফের হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুল জামান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। আড়াই বছর আগে জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে পাড়ি জমান। দেশে তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।
নিহত প্রবাসীর ভগ্নিপতি একরামুল হক হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল জামান তার কর্মস্থল একটি সুপারমার্কেটের ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। সে সময় তিনি রাস্তায় দাঁড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলছিলেন। হঠাৎ ওই সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন।
প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে নিজ কর্মস্থল সুপারমার্কেটের ভেতরে ঢুকে পড়লে হামলাকারী পেছনে তাড়া করে ভেতরে প্রবেশ করে এবং তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করেন। পরে হামলাকারী নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর আতঙ্কে সুপারমার্কেটের অন্য কর্মীরা পালিয়ে যান।
কামরুলের পাশের একটি ফার্মেসিতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী কর্মী এসব তথ্য জানান।
তবে কী কারণে কামরুল জামানের ওপর এই হামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা এখনো জানা যায়নি।
প্রবাস থেকে আরো পড়ুন