সিলেট

গোয়াইনঘাটে পুলিশের  অভিযানে ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ 

নতুন সিলেট ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ ১৫:৪৭

গোয়াইনঘাটে পুলিশের  অভিযানে ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ 

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩১ বস্তা ভারতীয় জিরা ও একটি ইঞ্জিনচালিত কাঠের বারকি নৌকা জব্দ করা হয়েছে।

 

 

এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।

শনিবার (২৯ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোয়াইনঘাট থানার পুলিশের রাত্রীকালীন স্পেশাল ডিউটির সময় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন স্পেশাল ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, অজ্ঞাতনামা চার ব্যক্তি একটি নৌকাযোগে ভারতীয় জিরা নিয়ে বাংলা বাজার থেকে সিলেটের দিকে রওনা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সরকারি স্পিডবোট নিয়ে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন নৌকাটিকে ধাওয়া করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চার ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে নৌকাটি তল্লাশি করে ৩১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে জিরা থাকায় মোট জিরার পরিমাণ দাঁড়ায় ৯৩০ কেজি। উদ্ধার করা প্রতিটি বস্তায় ‘K.S. GOLD Jeera’সহ ইংরেজিতে বিভিন্ন লেখা রয়েছে।

পুলিশের হিসাব অনুযায়ী, প্রতি কেজি জিরার আনুমানিক বাজারমূল্য ১ হাজার টাকা হিসেবে উদ্ধার করা জিরার মোট মূল্য প্রায় ৯ লাখ ৩০ হাজার টাকা।

এ ছাড়া উদ্ধার করা নৌকাটি ইঞ্জিনচালিত কাঠের বারকি নৌকা। নৌকাটির দৈর্ঘ্য আনুমানিক ৪৫ ফুট, প্রস্থ ৩ ফুট এবং এতে ২৫ হর্সপাওয়ারের ZS1115 মডেলের ইঞ্জিন রয়েছে। নৌকাটির আনুমানিক মূল্য ১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পরে উদ্ধার করা জিরা ও নৌকাটি জব্দ করা হয়।

এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪১(৮)২৬। মামলায় The Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D ধারা প্রযোজ্য করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে গোয়াইনঘাট থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন