সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। তামাবিল, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় জিরা, কম্বল, বিভিন্ন ধরনের ফল, কসমেটিকস, গরু, পান মসলা, সুপারি এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়। জব্দ করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিলেট থেকে আরো পড়ুন