প্রতিকী ছবি
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী বাজার এলাকায় নয় বছরের এক এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো দাদা মো. সোলেমান সেখের (৭০) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) ঘটনাটি জানাজানি হওয়ার পর শিশুটির বাড়িতে যায় আমিনপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সোলেমান সেখ পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার রাজনারায়ণপুর গ্রামের বাসিন্দা। ধর্ষণের শিকার শিশুটি তার আপন ভাইয়ের ছেলের মেয়ে।
শিশুটির দাদি অভিযোগ করেন, ঘটনার বিষয়ে পুলিশ ও স্থানীয় নেতাদের সঙ্গে যোগসাজশ করে অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক বছর আগে শিশুটির বাবা আত্মহত্যা করেন। এরপর তার মা অন্যত্র বিয়ে করে চলে যান। বর্তমানে এতিম শিশুটি তার দাদির কাছেই বসবাস করছে।
অভিযোগ রয়েছে, ঘটনার খবর পাওয়ার পরও পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে আমিনপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল বলেন, স্থানীয় এক গণমাধ্যমকর্মীর ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে শিশুটির পরিবার থানায় অভিযোগ দিতে রাজি না হওয়ায় পুলিশ ফিরে আসে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় অভিযুক্ত সোলেমান সেখ এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ থেকে আরো পড়ুন