দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে বর্তমানে চলছে ভোট গণনা। ফলাফলের অপেক্ষায় রয়েছেন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও সাধারণ চা শ্রমিকরা।
শনিবার মৌলভীবাজারসহ পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ভ্যালি কমিটির সভাপতি এবং বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি—এই চারটি পদে ভোট দেন চা শ্রমিকরা।
মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানের ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই শ্রমিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক শ্রমিককে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিতে দেখা যায়। নির্বাচনকে কেন্দ্র করে চা বাগানগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। কোথাও কোনো উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। বর্তমানে ভোট গণনা চলছে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে। এখন সবার দৃষ্টি ভোট গণনার ফলাফলের দিকে।
সিলেট থেকে আরো পড়ুন