সিলেট

সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬ ১৫:৫২

সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ

সুনামগঞ্জের তিন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ১৪ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ বাংলাদেশি ও ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

শনিবার (২৮ নভেম্বর) ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা জেলার বিশ্বম্ভরপুর, সদর ও তাহিরপুর উপজেলার তিনটি সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর, সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া এবং তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চাঁনপুর এলাকায় সংশ্লিষ্ট বিওপির সদস্যরা পৃথকভাবে অভিযান চালান। এ সময় বিভিন্ন ধরনের অবৈধ বাংলাদেশি ও ভারতীয় মালামাল জব্দ করা হয়। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৪ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানায়, সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলার সঙ্গে ভারতের প্রায় ৯০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ১৯টি বিওপির সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে সীমান্তে ড্রোন ক্যামেরা ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারসহ নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে ২৮ বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনে বিজিবির প্রতিটি সদস্য প্রতিশ্রুতিবদ্ধ। জেলার বিশাল সীমান্ত এলাকা সুরক্ষিত রাখা এবং যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

জব্দ করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন