সিলেট

সিলেটে যুবলীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬ ১৪:৫৮

সিলেটে যুবলীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৮ নম্বর সিটি ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি এবং সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার( ২৭ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে জালালাবাদ থানা পুলিশের একটি দল পাঠানটুলা এলাকার দর্জিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় জালালাবাদ থানার একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি মো. রাসেল আলীকে (৪৬) আটক করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮ নম্বর সিটি ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি বলে জানিয়েছে পুলিশ। তিনি পাঠানটুলা দর্জিপাড়া এলাকার বাসিন্দা।

এদিকে, ২৮ নভেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে জালালাবাদ থানা পুলিশের আরেকটি দল মইয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ইহতেশাম আহমদ মাআজকে (২৩) গ্রেফতার করে। তিনি নিষিদ্ধ ঘোষিত সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্যমতে, রাসেল আলীর বিরুদ্ধে ২০২৪ সালের ২২ আগস্ট দায়ের করা জালালাবাদ থানার একটি মামলায় তদন্তে সন্দেহভাজন হিসেবে তাঁর নাম আসে। মামলাটিতে দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় অভিযোগ রয়েছে।

অন্যদিকে, ইহতেশাম আহমদ মাআজের বিরুদ্ধে ২০২৬ সালের ২ আগস্ট দায়ের করা জালালাবাদ থানার একটি মামলায় তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাঁর নাম আসে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে।

পুলিশ আরও জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ এবং গোপন বৈঠকের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এ ছাড়া সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে ঝটিকা মিছিল, রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে উসকানি, মদদ ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি-সিটিএসবি (মিডিয়া) মো, আফজাল হোসেন জানান, গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট থেকে আরো পড়ুন