প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ২২:৩৪
প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও কিছুটা বাড়ার কথা থাকলেও আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভোজ্যতেলের মূল্য পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, সয়াবিন ও পাম অয়েলের উৎপাদন বাংলাদেশে হয় না। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম কমলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও দাম বাড়ার চাপ তৈরি হয়।
তিনি বলেন, প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করলে সয়াবিন তেলের দাম আরও কিছুটা বাড়ানোর কথা ছিল। তবে আমদানিকারকদের সঙ্গে আলোচনা করে এবং একধরনের চাপ প্রয়োগের মাধ্যমে তাদের রাজি করিয়ে বর্তমান দাম বহাল রাখা হয়েছে।
তেলের দাম নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর (কস্ট অ্যান্ড ফ্রেইট) মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় এবং অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের উৎপাদন ও সরবরাহ খরচ নির্ধারণ করা হয়। এসব হিসাব বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে সাংবাদিকেরাও নিজেরা যাচাই করতে পারবেন।
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে। রমজান সামনে রেখেও অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো। এ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই।
বাজার স্থিতিশীল রাখার বিষয়ে মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণের দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এর একটি হলো পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও পরিমাণ নিশ্চিত করা, অন্যটি হলো পণ্যের দাম স্থিতিশীল রাখা। সরকার এ দুটি বিষয় বিবেচনায় নিয়েই কাজ করছে।
সিলেট থেকে আরো পড়ুন