সিলেট

সিলেটে ৫৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ২০:০৩

সিলেটে ৫৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকার চোরাচালানি অবৈধ পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সিলেটের সীমান্তবর্তী প্রতাপপুর, বিছনাকান্দি, শ্রীপুর, উৎমা, ডিবিরহাওর, সোনারহাট, পান্থুমাই, তামাবিল, মিনাটিলা ও সংগ্রাম বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি।

অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে আনা কম্বল, জিরা, গরু, ওষুধ, মহিষ, টমেটো, এসএস টোব্যাকো, চকলেট, আলু, বাসমতি চাল, জুস, সনপাপড়ি, কসমেটিকস, পান মসলা ও মিঠাই পানসহ বিভিন্ন ধরনের পণ্য আটক করা হয়। একই অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন ও শীতের সোয়েটারও জব্দ করা হয়।

আটককৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজারমূল্য ৫২ লাখ ৯৬ হাজার ৩৮৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন