আন্তর্জাতিক

ইরানের আকাশ প্রতিরক্ষার মুখে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক ডেস্ক:

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬ ১৩:১৫

ইরানের আকাশ প্রতিরক্ষার মুখে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

ছবি: সংগৃহীত

ইরানের আকাশসীমার কাছাকাছি গিয়ে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মুখে পড়ে গতিপথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান।

শুক্রবার (২৭ নভেম্বর) আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এ দাবি করেছে। খবর মেহের নিউজের।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘনকারী কয়েকটি জাহাজকে পাহারা ও আকাশপথে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে ছিল মার্কিন যুদ্ধবিমানটি। এ সময় বিমানটি ইরানের আকাশসীমার দিকে এগিয়ে যায়।

আইআরজিসির দাবি, হাঙ্গাম দ্বীপের দক্ষিণ-পূর্বে ইরানের আকাশসীমার কাছাকাছি পৌঁছালে বিমানটিকে লক্ষ্য করে দেশটির আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এতে দ্রুত গতিপথ পরিবর্তন করে ইরানের আকাশসীমা থেকে দূরে সরে যেতে বাধ্য হয় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানটি।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার নির্ধারিত নিয়ম এড়িয়ে যাওয়ার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে নিয়ম লঙ্ঘনকারী জাহাজের পাশাপাশি তাদের সহায়তাকারী সামরিক বাহিনীকেও গুরুতর পরিণতির মুখে পড়তে হতে পারে।

যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডারদের সতর্ক করে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’। ভবিষ্যতে কোনো মার্কিন যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কঠোর জবাব দেবে।

এ ছাড়া, এমন পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমানটির পরিণতি আগে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনের মতো হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ঘটনার স্বাধীন সত্যতা যাচাইয়ের তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন