সিলেট

মৌলভীবাজার সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬ ১২:০০

মৌলভীবাজার সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫২০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। উদ্ধার করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কুলাউড়া উপজেলার আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৮৪৯/১৮-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলীনগর নামক স্থানে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫২০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, সীমান্তবর্তী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।

উদ্ধার করা তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন