সিলেটের গোয়াইনঘাটে আলোচিত রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আরও দুই নেতাকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মো. কাউসার আহমদ (৪৫) ও মো. হারুনুর রশিদ (৫২)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) দিবাগত রাতে গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. কাউসার আহমদ গোয়াইনঘাট সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি উপজেলার লাঠি গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
অপরদিকে, মো. হারুনুর রশিদ রুস্তমপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি উপজেলার কুনকিরি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
উল্লেখ্য, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় মামলা নম্বর ১১/৩৫০ দায়ের করা হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন