খেলাধুলা

দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি

স্পোর্টস ডেস্ক :

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ১৬:৩৮

দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি

ছবি সংগৃহীত :

গোলের পর গোল করে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এবার পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে জোড়া গোল করে চ্যাম্পিয়নস লিগ ও রিয়াল মাদ্রিদের হয়ে দুটি ভিন্ন পরিসংখ্যানে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ও পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন ফরাসি ফরোয়ার্ড। তবে একটি বিশেষ রেকর্ডে এখনো তার সামনে রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসভি আইন্দহোভেনকে ৫-১ গোলে উড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬৪ ও ৮৪তম মিনিটে জালের দেখা পান এমবাপ্পে। এই দুই গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭৬।

 

২৮ বছর পূর্ণ হওয়ার আগেই চ্যাম্পিয়নস লিগে ৭৫ গোলের মাইলফলক স্পর্শ করা ইতিহাসের দ্বিতীয় ফুটবলার এমবাপ্পে। এর আগে কেবল মেসিই এই কীর্তি গড়েছিলেন। ২৭ বছর ৩৩৯ দিন বয়সে এই মাইলফলকে পৌঁছান এমবাপ্পে। অন্যদিকে মেসি ২৭ বছর ১৬৯ দিন বয়সেই করেছিলেন ৭৫ গোল। আর ক্রিশ্চিয়ানো রোনালদো এই সংখ্যায় পৌঁছান ৩০ বছর বয়স পার হওয়ার পর।

তবে ২৮তম জন্মদিনের আগে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড এখনো মেসির দখলে। আর্জেন্টাইন তারকার গোলসংখ্যা ছিল ৭৭। আগামী ২০ ডিসেম্বর ২৮ বছরে পা দেবেন এমবাপ্পে। তার আগে আর দুটি গোল করতে পারলেই মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়বেন ফরাসি ফরোয়ার্ড।

শুধু চ্যাম্পিয়নস লিগেই নয়, রিয়াল মাদ্রিদের হয়েও দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছেন এমবাপ্পে। পিএসভির বিপক্ষে জোড়া গোলের মাধ্যমে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে ছাড়িয়ে গেছেন তিনি। রিয়ালের হয়ে ১৭৭ ম্যাচে ১০৪ গোল করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। বিপরীতে মাত্র ১২১ ম্যাচেই ১০৫ গোল করে ফেলেছেন এমবাপ্পে।

এদিন আরও একটি কীর্তি গড়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রথম ফরাসি ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা সাত ম্যাচে গোল করার নজির গড়েছেন তিনি। তবে প্রতিযোগিতাটিতে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ডটি এখনো ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। ২০১৭-১৮ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এই কীর্তি গড়েছিলেন পর্তুগিজ তারকা।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে রয়েছেন এমবাপ্পে। তার সামনে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪০), লিওনেল মেসি (১২৯), রবার্ট লেভানডফস্কি (১০৯) ও করিম বেনজেমা (৯০)।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এমবাপ্পে। এবারও গোল্ডেন বুট জয়ের দৌড়ে বেশ ভালোভাবেই রয়েছেন তিনি। চলতি আসরে পাঁচ ম্যাচে ছয় গোল করে কোমোর গ্রিক স্ট্রাইকার তাসোস দুভিকাসের সঙ্গে যৌথভাবে গোলদাতাদের তালিকার শীর্ষে রয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা।

খেলাধুলা থেকে আরো পড়ুন