ছবি সংগৃহীত :
সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে এক বিমানবালাকে যৌন হয়রানি করেছিলেন এক বাংলাদেশি। এ ঘটনায় গ্রেফতারের পর জামিনে মুক্তি পেলেও এক মাসের মধ্যে আবারও পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
এবার মাতাল অবস্থায় পুলিশের সঙ্গে অসদাচরণ এবং এক কর্মকর্তার গায়ে থুতু নিক্ষেপ করেন। এই দুই ঘটনায় দোষ স্বীকার করায় তাকে চার মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। খবর স্ট্রেইট টাইমসের।
সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস বলছে, অভিযুক্ত ওই বাংলাদেশির নাম খন্দকার মো. ইয়ামিন (২৩)। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে গত সেপ্টেম্বর মাসে মদ্যপ অবস্থায় এক বিমানবালাকে যৌন হয়রানি করেন তিনি।
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর তাকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পেলেও অক্টোবরে মাতাল অবস্থায় ফের পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
একপর্যায়ে পুলিশ কমপ্লেক্সে এক কর্মকর্তার দিকে থুতু নিক্ষেপ করেন ওই বাংলাদেশি যুবক। এই দুই ঘটনায় দোষ স্বীকার করায় গত ২৩ নভেম্বর খন্দকার মো. ইয়ামিন নামের ওই বাংলাদেশিকে চার মাসের কারাদণ্ড দেন সিঙ্গাপুরের একটি আদালত।
বিমানবালাকে যৌন হয়রানি এবং সরকারি দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যের ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি।
আদালতের নথি অনুযায়ী, সিঙ্গাপুর এয়ারলাইনসের ওই তিন গ্লাস ওয়াইন পান করে মাতাল হয়ে পড়েছিলেন ইয়ামিন। ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে ফ্লাইটে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি এক বিমানবালার স্পর্শকাতর স্থানে হাত দেন। আদালতে সহকারী সরকারি কৌঁসুলি ক্লারা লো জানান, কয়েক সেকেন্ড ধরে এই স্পর্শের ঘটনা ঘটে।
এই ঘটনায় ২৬ বছর বয়সী ওই বিমানবালা আতঙ্কিত হয়ে পড়েন এবং ক্ষুব্ধ হন। তিনি ইয়ামিনকে তাকে স্পর্শ করতে নিষেধ করেন। জবাবে ইয়ামিন কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে হাসেন।
পরে ভুক্তভোগী ওই বিমানবালা তার এক সহকর্মীকে বিষয়টি জানান। ওই সহকর্মী ইয়ামিনের মুখোমুখি হন। এরপর পুলিশকে খবর দেয়া হয়। সেদিন সকালে ফ্লাইটটি চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর পুলিশ সদস্যরা ইয়ামিনকে গ্রেফতার করেন।
আদালতের নথিতে ফ্লাইটটি কোথা থেকে ছেড়েছিল, তা উল্লেখ করা হয়নি। পরে সেই ঘটনায় ব্যক্তিগত বন্ডে মুক্তি পান অভিযুক্ত ইয়ামিন। এর পরে ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় ইয়ামিনকে মাতাল অবস্থায় দেখা যায়। তিনি একটি শক্ত জায়গায় হেলান দিয়ে বসে কাঁদছিলেন এবং অসংলগ্নভাবে চিৎকার করছিলেন।
সহকারী সরকারি কৌঁসুলি জানান, পুলিশ সদস্যরা সেখানে গিয়ে ইয়ামিনকে মাতাল অবস্থায় দেখতে পান। এসময় তার নাক দিয়ে রক্ত ঝরছিল। চিকিৎসাকর্মীরা তার রক্তচাপ মাপার চেষ্টা করলেও তিনি সহযোগিতা করেননি। বরং মাটিতে শুয়ে এদিক-ওদিক ছটফট করতে থাকেন।
পরে তাকে গ্রেফতার করে পুলিশ কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সিগারেট চেয়ে না পেয়ে তিনি আরও আক্রমণাত্মক আচরণ শুরু করেন। একপর্যায়ে এক পুলিশ সদস্য তার পা চেপে ধরে রাখলে ইয়ামিন ওই কর্মকর্তার গায়ে থুতু নিক্ষেপ করেন।
প্রবাস থেকে আরো পড়ুন