আন্তর্জাতিক

ট্রাম্পের বারবার বৈঠকের ডাকে সাড়া না দিয়ে পাহাড়ে ঘুরে বেড়ালেন কিম জং উন!

আন্তর্জাতিক ডেস্ক  :

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ১৫:২০

ট্রাম্পের বারবার বৈঠকের ডাকে সাড়া না দিয়ে পাহাড়ে ঘুরে বেড়ালেন কিম জং  উন!

ছবি সংগৃহীত :

এশিয়া সফরে গিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকবার বৈঠকের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত দেখা হয়নি দুই নেতার। ট্রাম্প যখন এশিয়া সফরে ব্যস্ত, তখন কিম ছিলেন পাহাড়, অবকাশকেন্দ্র ও নৌবাহিনীর বিশ্ববিদ্যালয়ে।

শুক্রবার (২০ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরেন ট্রাম্প। সফরে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হলেও কিমের সঙ্গে দেখা হয়নি তার। ট্রাম্প বলেন, বৈঠকের সুযোগ হয়নি, কারণ অনেক বৈঠক নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। তবে ভবিষ্যতে কিমের সঙ্গে দেখা হতে পারে বলেও জানান তিনি।

ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ ও ২০১৯ সালে কিমের সঙ্গে তিনবার বৈঠক হয়েছিল। ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দুই নেতার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর থেকে দুই দেশের সম্পর্কের বরফ আর গলেনি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে উত্তর কোরিয়া নিজেদের পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চায়। কিন্তু ওয়াশিংটন এখনও উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সম্পূর্ণ বিলুপ্ত করার অবস্থানে রয়েছে। ফলে দুই দেশের মধ্যে সমঝোতার পরিবেশ তৈরি হয়নি।


এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আলোচনা চললেও কিমকে প্রকাশ্যে কোনো সাড়া দিতে দেখা যায়নি। বরং তাকে পায়েকতু পবিত্র পর্বত, একটি স্কি অবকাশকেন্দ্র এবং নৌবাহিনীর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে দেখা গেছে।


বিশ্লেষকদের ধারণা, চীন ও রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক এবং রাশিয়ার কাছ থেকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা পাওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার তাগিদ কমেছে পিয়ংইয়ংয়ের। তবে ভবিষ্যতে দুই নেতার বৈঠকের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তারা।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন