সিলেট

সিলেটে ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ ১১:৩৭

সিলেটে ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার

সিলেট নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। 

বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে নগরীর রিকাবীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সিলেটের এয়ারপোর্ট থানার কালাগুল এলাকার রফিক আহমদের ছেলে লিমন আহমেদ (২৫), একই থানার নয়াবাজার বড়শলা এলাকার মৃত রফিক মিয়ার ছেলে রাকিব (২১) এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার আব্দুল মোতালিবের ছেলে মো. জীবন মিয়া (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় মনিপুরী রাজবাড়ী ওয়েস্টার্ন শোরুমের সামনে থেকে পয়েন্ট পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে গ্রেফতার তিনজনের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গোপন বৈঠক, সদস্য সংগ্রহ এবং সরকারবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার লিমন আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা এবং মো. জীবন মিয়ার বিরুদ্ধে পেনাল কোডে একটি মামলা রয়েছে।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন