সিলেট

সিলেটবাসীর জন্য বড় সুখবর, সুরমায় সেতু ও আসছে নতুন ট্রেন

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ১৫:৫৪

সিলেটবাসীর জন্য বড় সুখবর, সুরমায় সেতু ও আসছে নতুন ট্রেন

সিলেটবাসীর জন্য বড় তিন সুখবর দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন, সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণ এবং ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিভাগের গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতিও পূরণ হবে।

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নির্মাণ করা হবে। নতুন এই সেতু স্থানীয় মানুষের যাতায়াত সহজ করবে। ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রেলমন্ত্রী সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই এই রুটে নতুন ট্রেন চালু হবে।

এসব উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে সিলেটবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে একনেক সভা শুরু হয়। দুপুর সোয়া ১টায় সভা শেষ হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সভার তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট থেকে আরো পড়ুন