সিলেটের জৈন্তাপুরে এসআরবি-৯ ও সিলেট জেলা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা ও নিম্নশ্রেণির বিস্ফোরকসদৃশ আতশবাজি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) ভোর আনুমানিক ৬টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভেলুপাড়া সাকিনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআরবি-৯ সদর কোম্পানি ও সিলেট জেলা পুলিশের একটি যৌথ দল অংশ নেয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে নুরুল উল্লাহসহ অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে অভিযান পরিচালনাকারী দল নুরুল উল্লাহর বসতঘর তল্লাশি করে পুরোনো প্লাস্টিকের ২২টি বস্তা থেকে ১ হাজার ১০০ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করে। এ ছাড়া দুটি বস্তায় ৫৫২ বক্স টুফান চকোলেট বোমা (HAPPY FIREWORKS) এবং ১২ হাজার ১৫০ প্যাকেট ভারতীয় তারাবাতি (Atithi 7cm Electric Sparklers) জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা মালামালের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পলাতক নুরুল উল্লাহসহ অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। জব্দ করা মালামাল জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ কর্তৃপক্ষ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান ও অবৈধ মালামাল উদ্ধার এবং অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন