সিলেট

সিলেটে যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ১৬:২২

সিলেটে যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

সিলেট মহানগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে মোগলাবাজার, দক্ষিণ সুরমা, জালালাবাদ ও এয়ারপোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার (১৮ নভেম্বর) ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাসগামী সড়কে পেট্রোল ঢেলে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতিকালে জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে মোগলাবাজার থানা পুলিশ। তিনি সিলেট মহানগর যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত কমিটির সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মোগলাবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, একই দিন রাত ৭টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন তেলিবাজার-সুনামগঞ্জ বাইপাস এলাকায় জন্মদিন পালনের কথা বলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে অসৎ উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় গোয়ালগাঁও এলাকা থেকে মাসুক আহমেদ (২০) নামে একজনকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রুহেল মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে আটক করে জালালাবাদ থানা পুলিশ। তিনি ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনি সন্দিগ্ধ আসামি।

এছাড়া বুধবার রাত ২টা ১০ মিনিটের দিকে এয়ারপোর্ট থানা পুলিশ আম্বরখানা এলাকার হোটেল পলাশে অভিযান চালিয়ে মো. দেলোয়ার হোসেন (৩৮) নামে আরেকজনকে গ্রেফতার করে। তিনি ২০১৯ সালের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং সিলেট জেলা যুবলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্যমতে, গত ১৭ জুলাই সকাল ৬টা ২০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন পূর্ব শাহী ঈদগাহ টিবি গেট এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ঝটিকা মিছিল করে পালিয়ে যান মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে দেলোয়ার হোসেনের সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ ও তথ্য-উপাত্ত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি-সিটিএসবি (মিডিয়া) মো, আফজাল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও থানা রেকর্ডপত্র যাচাইয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন