সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশিত জৈন্তাপুর পৌরসভা গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।
সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত নিকার সভায় দেশের নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ নামে নতুন পৌরসভা গঠন করা হবে। এর ফলে জৈন্তাপুরের স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন প্রশাসনিক কাঠামো যুক্ত হতে যাচ্ছে।
স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ, পরিচ্ছন্নতা ও পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে পৌরসভা গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এলাকার ব্যবসা-বাণিজ্য ও নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের নতুন সম্ভাবনাও তৈরি হবে।
এদিকে একই সভায় বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ নামে আরেকটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে মাতামুহুরী থানা এবং বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে মোকামতলা থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
পাশাপাশি লক্ষ্মীপুরের নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলা এবং কুমিল্লার নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে থানা স্থাপন ও নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব করেছে স্থানীয় সরকার বিভাগ।
জৈন্তাপুরে পৌরসভা গঠনের এই অনুমোদনকে উপজেলার প্রশাসনিক ও নগর উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সিলেট থেকে আরো পড়ুন