ছবি: সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে ছেলেকে বাঁচাতে গিয়ে ৬৫ বছর বয়সী আশিক আলী হত্যার ঘটনায় পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
গ্রেফতার ব্যক্তির নাম হোসেন আলী ওরফে বতুল্লাহ (৪০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। এ হত্যা মামলার এজাহারে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে সিলেট নগরীর শাহপরাণ থানাধীন এমসি কলেজ রোডের মাদানিবাগ এলাকার একটি দোকানের ভেতর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর দুপুরে নিহত আশিক আলীর ১০ বছর বয়সী নাতনি মনিশা আক্তার নদীতে গোসল করতে যাওয়ার পথে প্রতিবেশী দুদু মিয়ার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দুদু মিয়া তাকে চড়-থাপ্পড় মারেন। পরে শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি করে বিষয়টি জানালে তার বাবা মারুফ আহমদ এ বিষয়ে দুদু মিয়ার কাছে জানতে চান। এ সময় দুদু মিয়ার ছেলে জুবায়েদ মিয়া ক্ষিপ্ত হয়ে মারুফকে ছুরিকাঘাত করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ছেলে মারুফকে রক্ষা করতে আশিক আলী বাড়ি থেকে বের হয়ে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে গুরুতর আহত করা হয়।
পরে পরিবারের সদস্যরা আশিক আলীকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯।
এসআরবি-৯ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি হোসেন আলী ওরফে বতুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন