সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় স্থানীয় স্টোন ক্রাশার মিলের ৩০টি ক্রাশার মেশিন ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া। এ সময় অভিযানে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার এবং কোম্পানীগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে উত্তোলিত পাথর ও স্থানীয় স্টোন ক্রাশার মিলগুলোর বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ৩০টি ক্রাশার মেশিন ধ্বংস করা হয়েছে।
অবৈধ পাথর উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সিলেট থেকে আরো পড়ুন