সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১১৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৬ জনকে গ্রেফতার করে এসএমপি। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৩৭ পিস ইয়াবা, ২১ পিস ভারতীয় কম্বল এবং ১ হাজার ৩৬৪ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করে।
অন্যদিকে, মহানগর ট্রাফিক বিভাগের অভিযানে মোট ১১৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৬২টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ সিলেট গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন