মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজন বিশ্বাস (২৬) নামে এক বাংলাদেশি প্রবাসী যুবক। মাত্র ২৬ দিন আগে দেশে জন্ম নেওয়া নবজাতক পুত্রসন্তানের মুখটিও আর দেখা হলো না তাঁর। বাবার আদর-স্নেহ পাওয়ার আগেই পিতৃহারা হলো শিশুটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মালয়েশিয়ার বান্টিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজন বিশ্বাস সিলেটের জকিগঞ্জ উপজেলার ভূষণ রাম বিশ্বাসের ছেলে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ও ভাগ্য পরিবর্তনের আশায় ২০১৮ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন রাজন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন রাজন। পথে মালয়েশিয়ার বান্টিং এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা একটি চলন্ত লরির পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বান্টিং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত ও ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে বাকরুদ্ধ রাজনের স্ত্রী ও স্বজনরা। অন্যদিকে মাত্র ২৬ দিনের নবজাতক সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তাঁর স্ত্রী। যে সন্তানকে ঘিরে ছিল রাজনের অনেক স্বপ্ন, সেই সন্তানের মুখ আর দেখা হলো না তাঁর।
এদিকে রাজন বিশ্বাসের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছে শোকাহত পরিবার। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মরদেহ সিলেটের নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাজনের মৃত্যুর খবর এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ হাইকমিশনের লেবার মিনিস্টার মো. সিদ্দিকুর রহমানকে অবহিত করা হয়েছে।
প্রবাসে পরিবারের স্বপ্ন পূরণের আশায় পাড়ি জমানো রাজনের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর গ্রামের বাড়ি ও পরিচিতজনদের মধ্যে।
সিলেট থেকে আরো পড়ুন