সিলেট

শ্রীমঙ্গলে চা বাগান ও কারখানা বন্ধ ঘোষণা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ ১৫:২৩

শ্রীমঙ্গলে চা বাগান ও কারখানা বন্ধ ঘোষণা

ছবি সংগৃহীত :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের আওতাধীন খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এতে বাগানের হাজারো চা শ্রমিক ও তাঁদের পরিবারের জীবিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার (এস্টেটস) স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের মহাব্যবস্থাপক গোলাম শিবলী।

কোম্পানির নোটিশে বলা হয়েছে, খেজুরীছড়া চা বাগান ও কারখানার শ্রমিকেরা গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কোনো পূর্বঘোষণা ছাড়াই বেআইনিভাবে ধর্মঘট পালন করেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা ও সেন্ট্রাল ওয়ার্কশপ স্টোরে কর্মরত অন্য শ্রমিকদের হুমকি-ধমকি দিয়ে কর্মস্থল থেকে বের করে নিয়ে আসেন। এতে বাগানে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এমন পরিবেশে কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়ায় বাগান ও কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত)-এর ১৩(১) ধারা অনুযায়ী কোম্পানির নির্দেশক্রমে ১৩ নভেম্বর থেকে খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এ সময় ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।

তবে জরুরি সেবা ও সম্পত্তি রক্ষার স্বার্থে পলিপ্যাক কারখানা, ডিনস্টন সেন্ট্রাল ওয়ার্কশপ স্টোর, বাগান, চৌকিদার, বাংলো, স্টাফ কোয়ার্টার ও মেডিকেল বিভাগে কর্মরত স্থায়ী শ্রমিকেরা (ফিক্সড ওয়ার্কার) এ বন্ধের আওতামুক্ত থাকবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিনস্টন চা বাগানের ভেতরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একটি মন্দির নির্মাণের কাজ শুরু করেন স্থানীয় চা শ্রমিকেরা। এ সময় বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হুমায়ুন কবির নির্মাণকাজে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা ডিজিএমের প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিক নেতাদের মধ্যে যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্যত্র বদলি বা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। একপর্যায়ে তাঁরা আবারও আন্দোলন শুরু করেন।

এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কথা উল্লেখ করে কর্তৃপক্ষ বাগান ও কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

বাগান বন্ধ থাকায় শ্রমিক ও তাঁদের পরিবার চরম আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে অচলাবস্থা নিরসন এবং শ্রমিকদের জীবিকা রক্ষায় বাগান ও কারখানা পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও শ্রমিক নেতারা।

সিলেট থেকে আরো পড়ুন