সিলেট

মৌলভীবাজারে ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, দৌড়ে প্রাণ রক্ষা

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১৮:৫৯

মৌলভীবাজারে ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, দৌড়ে প্রাণ রক্ষা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) একদল দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্টের পথে এ হামলার ঘটনা ঘটে। রিসোর্ট ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন হাসিব। রুম নাম্বার ১১৮-এর অগ্নিবীণায় অতিথি হিসেবে ছিলেন তারা। তবে হামলার পর থেকে আত্মরক্ষায় আত্মগোপনে চলে গেছেন তিনি।’

এ ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এক নারীর সঙ্গে হাসিব অটোরিকশায় কোথাও যাচ্ছেন। পথে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা অটোরিকশাটি আটকে তার ওপর হামলা চালানো হয়। এ সময় দৌড়ে কোনোরকম প্রাণ বাঁচান হাসিব আল ইসলাম।

ভিডিওতে আরও দেখা গেছে, হামলাকারী হাসিব আল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে সন্ত্রাসী লীগ দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে হামলা করেছে। হামলায় হাসিব আহত। চিকিৎসাধীন আছে।

হামলার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বিএনপি সরকারকে ব্যবস্থা নিতে হবে। নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সিলেট থেকে আরো পড়ুন