পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের ১৪ বছর বয়সি ছোট বোন জামিন পেয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শিশু আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রিন্সের আইনজীবী অ্যাডভোকেট ছায়াদুর রহমান তালুকদার। জামিনপ্রাপ্ত কিশোরী সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৩১ অক্টোবর দিবাগত মধ্যরাতে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতাল এলাকা থেকে প্রিন্স, তার মা শামী আক্তার পলি (৩৮), বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৫), ১৪ বছর বয়সি ছোট বোন এবং প্রিন্সের চার বন্ধুকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হওয়া প্রিন্সের চার বন্ধু হলেন ছাতক উপজেলার জালালপুর গ্রামের কাওছার আহমদ সোহাগ (২১), দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের ইফাত আলম রাবিদ (২১), ধর্মপাশা উপজেলার সাদিপুর গ্রামের শাহরিয়ার সাদি (১৯) এবং সিলেটের ভাদেরশ্বর গ্রামের তাকরিব রহমান তানহির (২০)।
পরদিন ১ নভেম্বর প্রিন্সের মা-বাবাসহ সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তবে বয়স ১৮ বছরের কম হওয়ায় তার ছোট বোনকে গাজীপুরের একটি নিরাপদ আবাসন কেন্দ্রে (সেফ হোম) পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে গত ৩ নভেম্বর প্রিন্সের মা শামী আক্তার পলি আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন।
এর আগে, গত ১ নভেম্বর পুলিশ গণমাধ্যমকে জানায়, ২৯ অক্টোবর গভীর রাতে নাশকতার মামলার আসামি হিসেবে ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানার পুলিশ। গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে তিনি হাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।
পুলিশের দাবি, এ সময় প্রিন্সের মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা সেখানে জড়ো হয়ে পুলিশের কাজে বাধা দেন, পুলিশ সদস্যদের ওপর হামলা করেন এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে ওই রাতেই প্রিন্সকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার হওয়া পরিবারের সদস্যদের মধ্যে সর্বশেষ প্রিন্সের ১৪ বছর বয়সি ছোট বোন জামিন পেলেন।
সিলেট থেকে আরো পড়ুন