নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল করিম পদত্যাগ করেছেন।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ৮ মিনিটের ওই ভিডিও বার্তায় তিনি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের কথা জানান।
ভিডিও বার্তায় এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে ফজলুল করিম অভিযোগ করেন, মুখে এক কথা বললেও কাজে তার প্রতিফলন নেই। সাধারণ কর্মীদের আবেগ নিয়ে খেলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ফজলুল করিম বলেন, নতুন দল ও নতুন আশার কথা বলে মানুষকে আকৃষ্ট করা হয়েছিল। কিন্তু বাস্তবে নতুন কিছু পাওয়া যায়নি। তার ভাষায়, ‘নতুন দল, নতুন আশা বলে মানুষকে দেখানো হয়েছিল মধুর বোতল। কিন্তু ভেতরে ভরে দেওয়া হয়েছে পুরোনো মদ। এখন জাতি বুঝে গেছে, এটা নতুন কিছু নয়, সেই পুরোনো রাজনীতিই ফিরে এসেছে।’
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, বিশ্বাস করে এনসিপিতে যোগ দিয়েছিলেন। আশা করেছিলেন, এই দলে চাঁদাবাজি, দালালি ও প্রতারণা থাকবে না; কিন্তু বাস্তবে তার প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তাই এ ধরনের রাজনীতির সঙ্গে আর থাকতে চান না।
ভিডিও বার্তায় ফজলুল করিম আরও অভিযোগ করেন, হবিগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে মাদক কারবারি, দুর্নীতিবাজ ও অসাধু ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি গঠনে কেন্দ্রীয় নেতা নাহিদ উদ্দিন তারেকের স্বেচ্ছাচারিতার অভিযোগও তোলেন তিনি। তার দাবি, যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার পরিবর্তে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে কমিটি গঠন করা হচ্ছে।
নিজের অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে ভিডিওতে টেবিলে রাখা হাতে লেখা কাগজ এবং মোবাইল ফোনে থাকা কয়েকটি হোয়াটসঅ্যাপ বার্তা ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি।
ভিডিওর শেষ দিকে পদত্যাগের ঘোষণা দিয়ে ফজলুল করিম বলেন, ‘আজ থেকে আমি এনসিপির কোনো পদ-পদবিতে নেই। আমি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’
এদিকে, ফজলুল করিমের পদত্যাগ ও তার উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত সারজিস আলম, নাহিদ উদ্দিন তারেক কিংবা এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিলেট থেকে আরো পড়ুন