সিলেট

আ.লীগ নেতা রণজিৎ সরকারের সমাবেশ, সুনামগঞ্জে তোলপাড়

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১০:০১

আ.লীগ নেতা রণজিৎ সরকারের সমাবেশ, সুনামগঞ্জে তোলপাড়

ছবি সংগৃহীত :

সুনামগঞ্জের তাহিরপুরে গোপনে আয়োজিত এক সমাবেশে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ সরকার। গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এই নেতার সমাবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (৯ নভেম্বর) ফেসবুকে ৫ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওটি প্রকাশের পর সিলেট ও সুনামগঞ্জে তোলপাড় শুরু হয়েছে। তবে পুলিশ ও বিজিবি বলছে, এ ধরনের সমাবেশের বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

দলীয় সূত্রের দাবি, রবিবার (৮ নভেম্বর) ভারতের সীমান্ত পেরিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে আসেন রণজিৎ সরকার। সেখানে নির্জন একটি স্থানে সমাবেশে বক্তব্য দেন তিনি। পরে রাতেই সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরে যান। সমাবেশে তাঁর সামনে শতাধিক নেতা-কর্মীকে চেয়ারে বসে থাকতে দেখা গেছে। রণজিৎ সরকার নিজেই তাঁর ফেসবুক আইডি থেকে সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে ভিডিওটি আপলোড করেন। এতে নেতা কর্মীদের উদ্দেশে তাঁকে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় মঞ্চের আশপাশে নেতা কর্মীদের পাহারা দিতেও দেখা গেছে।

দলের পলাতক নেতাকর্মীদের ভাষ্য, প্রায় এক মাস আগে লন্ডন থেকে নেপাল হয়ে ভারতে ফেরেন রণজিৎ সরকার। সেখানে অবস্থান করেই তাহিরপুরে সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেন তিনি। ওই সমাবেশে যোগ দিতে শনিবার রাতে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, গোয়াইনঘাটের লামাপুঞ্জি সীমান্ত দিয়ে দেশে ঢুকে গাড়িতে করে রাতারগুল হয়ে সুনামগঞ্জে যান রণজিৎ সরকার। পরদিন রোববার নিজ এলাকা তাহিরপুরে অবস্থান করেন তিনি। সন্ধ্যার পর নির্জন একটি খোলা জায়গায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে তাহিরপুর, মধ্যনগর ও জামালগঞ্জের শীর্ষস্থানীয় নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়। বক্তব্য শেষে রাতেই তিনি ভারতে ফিরে যান বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিনই সিলেট ছাড়েন রণজিৎ সরকার। পরে সীমান্ত পেরিয়ে ভারতে যান এবং সেখান থেকে লন্ডনে পাড়ি জমান। প্রায় দেড় বছর তিনি লন্ডনে অবস্থান করেন।

তবে রণজিৎ সরকারের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে দেশে প্রবেশের খবর নাকচ করেছেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক। সোমবার রাতে তিনি এদিনকে বলেন, এ ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য তাঁর কাছে নেই। সীমান্ত দিয়ে কারও প্রবেশের তথ্যও পাওয়া যায়নি।

এ বিষয়ে রণজিৎ সরকারের বক্তব্যও জানা সম্ভব হয়নি। তবে সুনামগঞ্জের স্থানীয় একটি দৈনিককে তিনি বলেছেন, ‘কোনো তথ্য জানাতে পারব না। সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।’

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জের সীমান্ত এলাকা কঠোর নজরদারিতে রয়েছে। জেলার কোনো সীমান্তে এ ধরনের সভা হয়নি।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘সুনামগঞ্জের সীমান্ত দিয়ে রণজিৎ সরকার প্রবেশের কোনো সুযোগ নেই। সিলেট সীমান্তের কোনো একটা জায়গায় জড়ো হয়ে তাঁরা এই সভা করেছেন।’

সিলেট থেকে আরো পড়ুন