সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ এর অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান পংকিকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। তিনি শাহপরাণ (রহ.) থানার একটি হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ ছাড়া চুরি, আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড ও বিস্ফোরক আইনে অপরাধসহ তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন খাদিম চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে এসআরবি-৯, সিপিসি, সিলেটের একটি আভিযানিক দল।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাহপরাণ (রহ.) থানার মামলা নম্বর-০২, তারিখ ২ জুন ২০২৫, জিআর নম্বর-১৩৮/২৫-এর হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাবিবুর রহমান পংকিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান পংকি (৩৫) সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন খাদিম চৌমুহনী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম রাজা মিয়া।
এসআরবি-৯ জানায়, গ্রেফতার পংকি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, চুরি, আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড ও বিস্ফোরক আইনে অপরাধসহ মোট সাতটি মামলা রয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ আরও জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন