মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানি করা ২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ২৮৮ বোতল ভারতীয় শ্যাম্পু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুল মতিন রিপন (রিপন) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল আব্দুল মতিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ১২টি কার্টনে রাখা ২৮৮ বোতল ভারতীয় শ্যাম্পু উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার পরিমাণের ‘WishCare Multi-Peptide Anti Hairfall Shampoo’ রয়েছে। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।
পুলিশ জানায়, আটক ব্যক্তি উদ্ধার করা পণ্যের বৈধ আমদানি-সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা আরও ২-৩ জনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
আটক আব্দুল মতিন রিপন উপজেলার তপশীপাড়া এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ব্যক্তি ও অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন