খেলাধুলা

আইপিএলে ৪০ কোটির দাবি ক্রিকেটারের, চাপে ফ্র্যাঞ্চাইজিগুলো

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ ১৪:০৮

আইপিএলে ৪০ কোটির দাবি ক্রিকেটারের, চাপে ফ্র্যাঞ্চাইজিগুলো

ছবি: সংগৃহীত

আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) পরবর্তী আসরকে সামনে রেখে এখন থেকেই দল গোছানোর পরিকল্পনায় ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে ডিসেম্বরের মিনি নিলামের আগে ক্রিকেটারদের পারিশ্রমিকের দাবি নিয়ে নতুন করে চাপে পড়েছে দলগুলো। কারণ, প্রথম সারির কয়েকজন তারকা ক্রিকেটারকে ধরে রাখতে গুনতে হতে পারে অন্তত ৪০ কোটি রুপি!

ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম সারির অন্তত দুই ক্রিকেটার নিজেদের ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন, দলে থাকতে হলে তাদের ৪০ কোটি রুপি পারিশ্রমিক দিতে হবে। অন্যথায় ধরে রাখার তালিকায় থাকতে চান না তারা। বরং নিলামে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে আগ্রহী এই ক্রিকেটাররা।

ক্রিকেটারদের এমন বড় অঙ্কের দাবি আইপিএলের নিলামে ক্রমবর্ধমান অর্থের প্রবাহেরই প্রতিফলন। তাদের ধারণা, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নির্দিষ্ট পারিশ্রমিকে চুক্তিবদ্ধ থাকার চেয়ে নিলামে অংশ নিলে আরও বেশি অর্থ পাওয়ার সুযোগ রয়েছে। ফলে নিজেদের বাজারমূল্য বাড়াতে এখন থেকেই দলগুলোর ওপর চাপ তৈরি করছেন তারা।

এর আগে ২০২৫ সালের মেগা নিলামেও বড় অঙ্কের পারিশ্রমিকের নজির দেখা গেছে। সে সময় শ্রেয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব কিংস। অন্যদিকে রিশভ পান্তকে পেতে ২৭ কোটি রুপি খরচ করে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। সেই রেকর্ড পারিশ্রমিকই এখন অন্য ক্রিকেটারদের বড় অঙ্কের প্রত্যাশাকে উসকে দিচ্ছে।

এদিকে ভবিষ্যতে আইপিএলের দলগুলোর বাজেট আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৫ সালের মেগা নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির বাজেট ছিল ১২০ কোটি রুপি। পরবর্তী মেগা নিলামে তা বেড়ে ১৫০ কোটি রুপি হতে পারে। ফলে খেলোয়াড় কেনার ক্ষেত্রে দলগুলোর আর্থিক সক্ষমতা বাড়ার সম্ভাবনাও দেখছেন ক্রিকেটাররা।

তবে একজন ক্রিকেটারকে ৪০ কোটি রুপি দিয়ে ধরে রাখা ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য বড় আর্থিক চ্যালেঞ্জ। এতে বাকি দল গঠনের জন্য বাজেটের বড় অংশ কমে যাবে। তাই তারকা ক্রিকেটারদের ধরে রাখা এবং পুরো দলকে ভারসাম্যপূর্ণ করার মধ্যে সমন্বয় করাই এখন ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে বড় পরীক্ষা।

খেলাধুলা থেকে আরো পড়ুন