বিনোদন

কবে মুক্তি পাবে সালমান খানের ‘মাতৃভূমি’?

বিনোদন ডেস্ক:

বিনোদন ডেস্ক:

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ ১১:৩৯

কবে মুক্তি পাবে সালমান খানের ‘মাতৃভূমি’?

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে বেশ কিছু দিন ধরেই নানা জল্পনা চলছিল। সিনেমাটির কিছু দৃশ্য নতুন করে দৃশ্যধারণ করার প্রয়োজন হয়েছে বলে জানা যাচ্ছিল।

এমনকি, সরকারি ছাড়পত্র পেতেও সমস্যায় পড়তে হয়েছে নির্মাতাদের, এমন খবরও ছড়িয়েছিল।
এবার সেসব দাবি উড়িয়ে দিলেন বলিউডের ভাইজান।

শুক্রবার (৬ নভেম্বর) মুম্বাইয়ে সিনেমার ঝলক প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান। সেখানেই ‘মাতৃভূমি’-এর শুটিং এবং মুক্তি নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাব দেন তিনি।

সালমান খান স্পষ্ট জানিয়ে দেন, সিনেমার কাজ নিয়ে যে সব সমস্যা ও দেরির কথা শোনা যাচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

খবর ছড়িয়েছিল, সিনেমার কিছু দৃশ্য নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল।

যার ফলে কিছু দৃশ্যের শুটিং নতুন করে করতে হয়েছে। প্রথমে সিনেমার নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অফ গলওয়ান’। পরে বদলে যায় সেই নাম। সরকারের পক্ষ থেকে আপত্তির কারণেই নাম বদলে দেওয়া হয় বলেও খবর ছড়িয়েছিল।
তবে এমন দাবি শুনে রীতিমতো বিরক্ত সালমান। তিনি সরাসরি বলেন, সব বাজে কথা! এই খবর একেবারেই সত্যি নয়।

সিনেমার বিষয়বস্তু ব্যাখ্যা করে অভিনেতা আরও বলেন, আমরা সিনেমাটি তৈরি করেছি সেনাদের নিয়ে। তারা কী পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তাদের পরিবারের সদস্যদের কী কী সমস্যার মুখোমুখি হতে হয়, সেটাই তুলে ধরা হয়েছে। এখানে কোনও নেতিবাচক শক্তির কথা নেই। নেতিবাচক আসলে পরিস্থিতি।

‘মাতৃভূমি’ মুক্তি নিয়ে একাধিকবার জল্পনা তৈরি হয়েছিল। ভারত ও চীনের সংঘাতের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমার বিষয়বস্তু নিয়েও নানা প্রশ্ন উঠেছিল। বিশেষ করে চীনের প্রসঙ্গ এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখে সিনেমাটি নিয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে খবর ছড়িয়েছিল। যদিও এই সব খবরকে ভিত্তিহীন বলেছেন সালমান খান নিজেই।

২০২০ সালের জুন মাসে গলওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনার সংঘর্ষের ঘটনা থেকেই সিনেমাটি অনুপ্রাণিত বলে জানা গেছে। সেই কারণেই প্রতিরক্ষা মন্ত্রনালয়ের ছাড়পত্র এবং সিনেমার শংসাপত্র পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল বলে জানা যাচ্ছিল।

২০২৬ সালের এপ্রিল মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে সেই পরিকল্পনায় বদল আসে। শেষ পর্যন্ত নতুন মুক্তির দিন ঘোষণা করেছেন নির্মাতারা। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। 

বিনোদন থেকে আরো পড়ুন