সিলেট

সিলেটে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ১৮:৪৪

সিলেটে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬

সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নূরুল আলম (৫৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। এ নিয়ে সিলেট বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।

সোমবার (২ নভেম্বর) সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ২২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।

নতুন রোগী শনাক্তের পর বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ২৯ জন ভর্তি আছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৯ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩ জন চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে, মৌলভীবাজার সদর হাসপাতালে ৪ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

ডেঙ্গুতে নতুন করে একজনের মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সিলেট বিভাগের হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিলেট থেকে আরো পড়ুন