সিলেট

হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ যুবক আটক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ১০:৩১

হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ যুবক আটক

হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ একটি নোয়াহ্ গাড়ি জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৯) শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় মো. আলম মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোররাতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৯’র অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৩টা ৫৫ মিনিটের দিকে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে আভিযানিক দল। এ সময় একটি কালো রঙের নোয়াহ্ গাড়িকে থামার সংকেত দিলে এক ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক যুবক তার কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো গাড়ির ভেতরে সিটের মধ্যে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত নোয়াহ্ গাড়িটিও জব্দ করা হয়।

আটককৃত যুবক মো. আলম মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে ও জব্দ করা আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন