সিলেট

হবিগঞ্জে অভিযানে ভারতীয় গাঁজা ও মদ জব্দ

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১২:৩৪

হবিগঞ্জে অভিযানে ভারতীয় গাঁজা ও মদ জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ও এর অধীনস্থ তেলিয়াপাড়া ও সিন্দুরখান বিওপির টহলদল পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা, ২৬ বোতল ভারতীয় মদ, ৪ বোতল ভারতীয় বিয়ার ও ৬০০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করেছে। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার টাকা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২০ নম্বর সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায় তেলিয়াপাড়া বিওপির টহলদল। এ সময় পরিত্যক্ত অবস্থায় চোরাকারবারিদের লুকিয়ে রাখা একটি সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা, ৪ বোতল ভারতীয় বিয়ার ও ২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

অন্যদিকে, দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে সিন্দুরখান বিওপির টহলদল। একই দিন রাত ৮টার দিকে শ্রীমঙ্গলের মাংরাবস্তি এলাকায় পৃথক অভিযানে ৬০০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করা হয়। এসব পণ্যও মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

জব্দ করা মাদকদ্রব্য ও মশার কয়েল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা, মাদকের অবৈধ প্রবেশ রোধ ও চোরাচালান দমনে বিজিবি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের নিরাপত্তা, জনস্বাস্থ্য ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিলেট থেকে আরো পড়ুন