প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ১৬:৪৮
ছবি সংগৃহীত :
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'অর্ণব' গত ১২ ঘণ্টায় শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে ফেসবুকে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের দেওয়আ এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের সর্বশেষ তথ্য অনুযায়ী- ঘূর্ণিঝড়টির দমকা বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। ঝড়টির চারপাশে ৩৮ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হয়েছে। কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ রেকর্ড করা হয়েছে ৯৪৭ মিলিবার।
ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। মঙ্গলবার দুপুর ৩টায় এর কেন্দ্র কলকাতা বন্দর থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। নাসার জিপিএম ও জাপানের হিমাওয়ারি-৯ উপগ্রহের চিত্র বিশ্লেষণ অনুযায়ী, তখন ঝড়টির কেন্দ্র ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৩ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার ভোর ৬টার মধ্যে ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ শক্তি অর্জন করে সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। উপকূলে আঘাত হানার সময়ও এটি সর্বোচ্চ শক্তিতে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার সকাল ৯টার মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দরের দক্ষিণ দিকের উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগে আঘাত হানার আশঙ্কা রয়েছে। সে সময় এটি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতে পারে। এ পর্যায়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৬ থেকে ২২০ কিলোমিটার হতে পারে।
ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২২ কিলোমিটার ছাড়ালে সেটিকে সুপার সাইক্লোন হিসেবে বিবেচনা করা হয়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন