ছবি: সংগৃহীত
নেত্রকোনার কেন্দুয়ায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে এসে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
রোববার (২৫ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুবাইল গ্রামের ওই তরুণীর সঙ্গে কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের সূত্র ধরে শনিবার রাতে তিনি ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন।
পরে তাকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয় এবং কারো কাছে প্রকাশ করলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন