ছবি সংগৃহীত :
হবিগঞ্জের নবীগঞ্জ থানা হাজতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় এক উপ পরিদর্শক (এসআই) ও এক নারী কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার ছাত্রলীগ নেতা শাহ তপু ও তার সহযোগী শাহ জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এসআই মেহেদী হাসান ও নারী কনস্টেবল আফসানা মিমিকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওসির নির্দেশে এসআই আসিফের নেতৃত্বে একটি দল আউশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শাহ তপুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
তিনি উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের শাহ ফিরোজ মিয়ার ছেলে। পরে থানা হাজতে থাকা তপুর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশের দাবি, তপুর সহযোগী শাহ জুয়েল কৌশলে ভিডিওটি ধারণ করেন। তিনি একই গ্রামের শাহ শুকুর আলীর ছেলে।
পরে তাকে আটক করে একই মামলায় গ্রেফতার দেখানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, থানার হাজতের মতো স্পর্শকাতর স্থানে অবৈধভাবে ভিডিও ধারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় শাহ জুয়েলকে গ্রেফতার করে একই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সময় দায়িত্বে থাকা ডিউটি অফিসার এসআই মেহেদী হাসান ও নারী কনস্টেবল আফসানা মিমির দায়িত্বে অবহেলা ছিল। তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন