লাইফস্টাইল

প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়

লাইফস্টাইল ডেস্ক :

লাইফস্টাইল ডেস্ক :

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ ১১:৩১

প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়

ছবি সংগৃহীত :

প্রতিদিন নিয়ম করে এক মুঠো বাদাম খাওয়া উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। ১ লাখ ৪৩ হাজরেরও বেশি মানুষের ওপর পরিচালিত আটটি দীর্ঘমেয়াদি গবেষণার এক নতুন বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।

 

 

‘ব্রিটিশ জার্নাল অব নিউট্রিশন’-এ প্রকাশিত এই গবেষণা অনুযায়ী, যারা প্রতিদিন প্রায় ৩০ গ্রাম বাদাম খান, তাদের বাদাম খান না এমন ব্যক্তিদের তুলনায় উচ্চ রক্তচাপের ঝুঁকি ২৬ শতাংশ কম থাকে। 

এ ছাড়া গবেষকরা জানিয়েছেন, প্রতিদিন অতিরিক্ত প্রতি ২৮ গ্রাম বাদাম খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি আরও ২০ শতাংশ পর্যন্ত কমাতে সহায়ক হতে পারে।

গবেষকরা ১৮ থেকে ৮৭ বছর বয়সি ১৪৩,৩৮০ জন অংশগ্রহণকারীর ডেটা বিশ্লেষণ করেছেন। এর মধ্যে ২০,৬৫৫ জনের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। তবে কোন ধরনের বাদাম বা বাদাম লবণাক্ত নাকি লবণহীন ছিল, সে বিষয়ে গবেষণায় সুনির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি। 

এর আগে আমবাদাম, কাজুবাদাম, আখরোট এবং চিনাবাদামের সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমার যোগসূত্র পাওয়া গেছে। তবে বাদামের ধরন, প্রস্তুত প্রণালী এবং খাদ্যাভ্যাসের ওপর ভিত্তি করে এর উপকারিতা ভিন্ন হতে পারে। 

বাদাম যেভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে

বাদাম উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে কীভাবে ভূমিকা রাখে, তার কয়েকটি সম্ভাব্য কারণ জানিয়েছেন গবেষকরা: 

এল-আর্জিনিন: বাদামে থাকা এই অ্যামিনো অ্যাসিড শরীরকে নাইট্রিক অক্সাইড তৈরিতে সাহায্য করে, যা রক্তনালীগুলোকে শিথিল ও প্রসারিত করতে এবং রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে কাজ করে। 

ফাইবারের ভূমিকা: বাদামের ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে এমন কিছু উপাদান তৈরিতে সাহায্য করে, যা রক্তচাপ কমাতে সহায়ক। 

অ্যান্টিঅক্সিডেন্ট: বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে সাহায্য করে। দীর্ঘস্থায়ী প্রদাহ উচ্চ রক্তচাপসহ নানা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। 

ভূমধ্যসাগরীয় ডায়েট (Mediterranean diet) এবং ড্যাশ (DASH) ডায়েট—উভয় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসেই বাদাম একটি গুরুত্বপূর্ণ অংশ। গবেষকরা আলুর চিপসের মতো অস্বাস্থ্যকর স্ন্যাক্সের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের লবণহীন বাদাম খাওয়ার পরামর্শ দিয়েছেন। অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দিতে পারে, তাই লবণ গ্রহণ সীমিত রাখা অত্যন্ত জরুরি। 

বাদাম কোনো চিকিৎসার বিকল্প নয়

গবেষকরা সতর্ক করে জানিয়েছেন, এই ফলাফলের অর্থ এই নয় যে বাদাম খেলেই সবার উচ্চ রক্তচাপ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব। সুষম খাবার খাওয়া, নিয়মিত শারীরিক পরিশ্রম করা এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে।

যাদের ইতোমধ্যেই উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ ও নির্ধারিত ওষুধ চালিয়ে যেতে হবে। হৃদরোগের সুরক্ষায় বাদাম একটি স্বাস্থ্যকর ডায়েটের অংশ হতে পারে, তবে তা কখনোই চিকিৎসকের পরামর্শ বা ওষুধের বিকল্প হতে পারে না।

লাইফস্টাইল থেকে আরো পড়ুন