বাংলাদেশ

ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা, ছাত্রলীগকর্মী আটক

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ১২:৫৪

ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা, ছাত্রলীগকর্মী আটক

ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মাহমুদুলসহ তিন নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় করা মামলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী তাইজুল ইসলাম তাজকে আটক করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল নগরী থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদী হয়ে মো. তাইজুল ইসলাম তাজ, মো. সাব্বির খান, মো. ইরফান হিমেল, তামজিদ বাঁধনসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন আটকেরএ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (১৯ অক্টোবর) হওয়া একটি মামলায় তাকে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর শহর থেকে আটক করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) আদালতে তাকে চালান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মেহেদী হাসান সোহাগ বলেন, অভিযুক্ত শিক্ষার্থীকে আটকের জন্য গত (১৯ অক্টোবর) ওসির সঙ্গে কথা বলেছিলাম। আহত ছাত্রদল নেতাকর্মীদের আইনি সহায়তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফ্যাসিস্ট ব্যতীত সব রাজনৈতিক সংগঠন ও শিক্ষার্থীর পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় আছে।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আনন্দবাজার এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের তিন নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ ওঠে তাজসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আসামিদের গ্রফতারের দাবিতে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ গ্রেফতারের আশ্বাস দিলে প্রায় ১০ মিনিট পর তারা অবরোধ তুলে নেন।

অভিযোগ রয়েছে, তাজের নেতৃত্বে বহিরাগত ছাত্রলীগকর্মী সাব্বির, হিমেল ও বাঁধনসহ ১০ থেকে ১৫ জন এ হামলায় অংশ নেন। এতে ছাত্রদল নেতা ইমরান মাহমুদুল, জনি ও আশিক আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের ছোট ব্রিজসংলগ্ন নলছিটি হাউজিং এলাকায় তিন বহিরাগতকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করেন ছাত্রদল নেতা ইমরান মাহমুদুল ও তার সহকর্মীরা। এ সময় তাদের মাদক সেবন থেকে বিরত থাকতে বলা হয়। একপর্যায়ে তাদের চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগও রয়েছে।

পরে ওই ব্যক্তিরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকর্মী তাজের নেতৃত্বে সংগঠিত হয়ে ইমরান মাহমুদুলসহ ছাত্রদলের তিন নেতাকর্মীর ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

এর আগেও ইয়াবাসংক্রান্ত একটি মামলায় তাজকে আটক করেছিল পুলিশ।

বাংলাদেশ থেকে আরো পড়ুন