প্রবাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ ১৩:০৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার মো. সাগর (২৪) নামে এক তরুণ। 

মো. সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে।

তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সাগর ছোট।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নিম্নবিত্ত পরিবারের সন্তান সাগর।

উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে কিশোর বয়স থেকেই রিকশা-ভ্যান চালিয়ে পরিবারের আর্থিক জোগান দিতেন। ২০২৫ সালের মাঝামাঝিতে ওই দোকান ম্যানেজারের সহযোগিতায় ৬ লাখ টাকায় রাশিয়া পাড়ি জমান।
সেখানে একটি বেকারিতে কাজ নেন তিনি। বেতন প্রায় ৭০ হাজার টাকা।
সেখানে পরিচয় হয় বাংলাদেশি দালালের সঙ্গে। ওই দালাল তাকে রাশিয়ান সেনাবাহিনীতে চাকরিতে নিযুক্ত করে দেবে বলে এককালীন ৩০ লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখায়। চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চলে যান ২৪ বছর বয়সী সাগর। তারপর বন্ধ হয়ে যায় পরিবারের সঙ্গে যোগাযোগ।
 
শনিবার (১৭ অক্টোবর) রাশিয়া থেকে সাগরের এক বন্ধু তার বোনকে মোবাইল ফোনে জানান, সাগর মারা গেছেন। এই খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

সাগরের চাচা আব্দুল আওয়াল জানান, সাগর যখন রাশিয়ার বেকারিতে চাকরি ছেড়ে রাশিয়ান সেনাবাহিনীতে চাকরির কথা আমাকে জানায় তখন তাকে নিষেধ করেছিলাম। ওই দেশের দালাল তাকে ভুল তথ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৈনিক হিসেবে যুক্ত করেছে। শনিবার তার বন্ধু জানিয়েছে সাগর মারা গেছে।

সাগরের বাবা কবির হোসেন বলেন, সবজির ব্যবসা করেছি। দীর্ঘদিন নানা রোগে অসুস্থ। অনেক ধার-দেনা করে তাকে বিদেশ পাঠিয়েছি। প্রায় চার/পাঁচ মাস ধরে ছেলেটার সঙ্গে কথাও বলতে পারি নাই। এখন শুনি আমার ছেলে আর নাই।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখব।

প্রবাস থেকে আরো পড়ুন