সিলেট নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইরফান আলী (নাম) নামে এক প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর খাদিমপাড়ার ৪ নম্বর রোডে অবস্থিত নির্মাণাধীন নুর প্যালেসের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইরফান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা। তিনি গত আড়াই বছর ধরে ওই ভবনে প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় ইরফান আলীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও লোহার মতো দেখতে একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি হত্যাকাণ্ড কি না এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন