সিলেট

সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নতুন সিলেট প্রতিবেদন :

নতুন সিলেট প্রতিবেদন :

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ ০৯:২০

সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ছবি সংগৃহীত :

সিলেটের কানাইঘাট সীমান্তের ভারতের অভ্যন্তরে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশি যুবক গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে। 

 

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তের ১৩৩৩ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত খালেদ আহমদ কানাইঘাট উপজেলার এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে খালেদ আহমদ স্থানীয় কয়েকজনের সঙ্গে দনা সীমান্তের মিকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের আকুয়া এলাকায় প্রবেশ করেন। এ সময় সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে জানা গেছে। পরে তাঁর মরদেহ সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি পড়ে থাকতে দেখা যায়।

কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন জানান, বৃহস্পতিবার কয়েকজন যুবকের সঙ্গে খালেদ ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। অন্যরা ফিরে এলেও খালেদ আর ফিরে আসেননি। পরে তিনি খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন বলে জানতে পারেন। তাঁর মরদেহ সীমান্ত এলাকায় পড়ে রয়েছে বলেও জানান তিনি।

বিষয়টি থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অবহিত করা হয়েছে বলে জানান ইউপি সদস্য।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক জানান, বৃহস্পতিবার ভারতের অভ্যন্তরে খাসিয়া ও বাংলাদেশি চোরাকারবারিদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে।

 এ ঘটনায় একজন বাংলাদেশি নাগরিক নিখোঁজ হয়েছেন বলে সোর্সের মাধ্যমে তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় গুলিতে এক যুবক নিহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে, সীমান্তের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে খালেদ আহমদের মৃত্যুর প্রকৃত কারণ, গুলির উৎস এবং ঘটনার বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

সিলেট থেকে আরো পড়ুন