সিলেট

হবিগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ ০৯:৪৪

হবিগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)। সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করে তিন স্তরবিশিষ্ট শক্তিশালী নিরাপত্তাবলয় কার্যকর করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিজিবি ৫৫ ব্যাটালিয়ন সূত্র জানায়, হবিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আওতায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলা এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় এ নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।

এর মধ্যে সীমান্তের ০৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৩টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ০৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত একটি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রচলিত নিরাপত্তা কৌশলের পাশাপাশি আধুনিক নজরদারি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা হচ্ছে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চুনারুঘাট উপজেলার আমু চা বাগান পূজামণ্ডপ এবং মাধবপুর উপজেলার ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, ‘শারদীয় দুর্গাপূজা আমাদের বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। এ উৎসব যেন সীমান্তবর্তী এলাকাসহ সর্বত্র শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।’

তানজিলুর রহমান বলেন, ‘সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিশেষ মোবাইল টিম নিয়মিত টহল দিচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়।’

পূজা উদযাপন কমিটি ও সর্বসাধারণকে যে কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ ও যে কোনো গুজব সম্পর্কে সতর্ক থাকার এবং তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানিয়েছে ৫৫ বিজিবি।

সিলেট থেকে আরো পড়ুন